৯৯ ভোট পেয়ে জয়; ৪০ বছর পর আবারও বাংলাদেশের প্রতিনিধি সাধারণ পরিষদের সভাপতির আসনে
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট :
নিউইয়র্ক, ৩ জুন: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি বিশ্বের সর্ববৃহৎ বহুপাক্ষিক এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯টি সদস্য রাষ্ট্রের সমর্থন পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পেয়েছেন ৯১টি ভোট।
এই বিজয়ের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালনের সুযোগ পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ড. খলিলুর রহমানের এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির অন্যতম প্রধান নীতিনির্ধারণী ফোরাম। এর সভাপতির দায়িত্ব আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।