নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে যাচ্ছেন। আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারির নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারেক রহমানকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। তবে ভারত বা চীনের পরিবর্তে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন তিনি।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকার গত ১ জুন আনুষ্ঠানিকভাবে সফরটি নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সফরের বিস্তারিত কর্মসূচি ও আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।