স্টাফ রিপোর্ট, ঢাকা, ২৪ মে : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরে ফেরার যাত্রা শুরু হয়েছে। ঈদযাত্রার দ্বিতীয় দিন রোববার (২৪ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘরমুখো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। সড়কপথের যানজট ও ভোগান্তি এড়াতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ট্রেনে করে গ্রামের পথে রওনা দিয়েছেন। স্টেশনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, ব্যস্ততা এবং স্বজনদের কাছে ফেরার আনন্দ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৪ মে যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারা আজ যাত্রা করছেন। ভোর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। নিরাপত্তা নিশ্চিত করতে টিকিটধারী যাত্রীদেরই কেবল স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে রেল কর্তৃপক্ষ।
প্ল্যাটফর্মজুড়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। অতিরিক্ত গরমে কিছুটা ভোগান্তি থাকলেও বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন অধিকাংশ যাত্রী।
একটি গণমাধ্যমে কর্মরত সাজেদুল হক বলেন, “ঈদের সময় শেষ মুহূর্তে ট্রেনে উঠতে গেলে অনেক ভিড় ও ঝামেলা হয়। তাই এবার পরিবারকে আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আশা করছি তারা স্বস্তিতেই পৌঁছাতে পারবে। অফিস ছুটি হওয়ার পর আগামী মঙ্গলবার রাতে আমি বাড়ি ফিরব।”
রংপুরগামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, “ঈদের সময় সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই ট্রেনে যাতায়াতকেই নিরাপদ মনে হয়েছে। আগেভাগে চলে যাচ্ছি, এতে যাত্রাও আরামদায়ক হবে।”
পরিবারসহ একই গন্তব্যে রওনা হওয়া তৌহিদুল ইসলাম বলেন, “ঈদের ঠিক আগে যাত্রা করলে অনেক সময় ট্রেন দেরি করে। বাচ্চাদের নিয়ে তখন ভোগান্তি হয়। এজন্য দ্বিতীয় দিনেই যাত্রা শুরু করেছি।”
তবে ঈদযাত্রার দ্বিতীয় দিনে একটি ট্রেনের বিলম্ব যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে। ঢাকা থেকে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টার বেশি বিলম্ব হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ছেড়ে যেতে পারে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, “লালমনিরহাট থেকে আসার পথে বগুড়ার একটি স্থানে বুড়িমারী এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সে কারণে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা হলে সেটি আমাদের নিয়ন্ত্রণে থাকে না।”
স্টেশন সূত্রে জানা গেছে, আজ ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৩টি মেইল ও কমিউটার ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদকে কেন্দ্র করে আগামী কয়েক দিনে যাত্রীচাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।