দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুন বিকেল সাড়ে ৪টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালান বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ৯ জুন দাউদকান্দি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-০৯) দায়ের করা হয়। মামলার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান (৫০), বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নবীর হোসেন (৩৮) এবং জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূইয়া (১৯)।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রমকে সমর্থন ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিলে অংশগ্রহণ করেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।