নিজস্ব প্রতিবেদক : একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ও সমর্থকরা সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, হ্যাক হওয়া আইডি থেকে বিভ্রান্তিকর, অসত্য ও উস্কানিমূলক বিভিন্ন পোস্ট প্রকাশের চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রতিমন্ত্রী আমিনুল হকের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ও জনসম্পৃক্ততাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে তাঁর ফেসবুক আইডি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইডি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক পোস্টকে তাঁর ব্যক্তিগত বা রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচনা না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করার পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
আইডি পুনরুদ্ধার সম্পন্ন হলে প্রতিমন্ত্রী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সবাইকে অবহিত করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
“গুজব নয়, সত্য তথ্য অনুসরণ করুন—সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান”