নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল, ১৭ জুন : ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এর আগে সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে বিমানবন্দর সড়কসহ বিভিন্ন স্থানে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। বিশেষ করে চৌকিদেখি এলাকায় লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা ফুলের পাপড়ি ও মালা ছিটিয়ে সরকারপ্রধানকে অভিনন্দন জানান।
পরে শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
সফরের অংশ হিসেবে বিকেলে তিনি দুসাই রিসোর্টে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠক শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।