মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান; বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে সময় টিভি
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট :
মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাজানো হয়েছে তারকাবহুল সাংস্কৃতিক আয়োজন।
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ পপতারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করবেন। এছাড়া বিশ্বকাপের আরেকটি থিম সং ‘ডিএনএ’ পরিবেশন করবেন আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ।
মেক্সিকোর সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশটির জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলেস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করবেন মেক্সিকোর জাতীয় সংগীত। অন্যদিকে ভেনিজুয়েলার ড্যানি ওশেন, কলম্বিয়ার জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলবেন।
এবারের বিশ্বকাপে মেক্সিকোর পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ১২ জুন টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
অন্যদিকে ১৩ জুন লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা, নাইজেরিয়ার রেমা ও দক্ষিণ আফ্রিকার টাইলা।
বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানসহ টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া বিটিভি ও টি-স্পোর্টসেও দেখা যাবে বিশ্বকাপের খেলা। ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকরা টফি, মাই রবি ও বায়োস্কোপের মাধ্যমে উপভোগ করতে পারবেন বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ।