বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, নিরাপদ থাকতে চাইলে তাদের মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত।
মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার চেষ্টা করছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না।
আরঘচি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের ইতিহাসে বহিরাগত শক্তির হস্তক্ষেপ কখনোই ইতিবাচক ফল বয়ে আনেনি। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের এ অঞ্চল থেকে সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করা হলে এর জবাবে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয় তেহরান।
এক্সে দেওয়া পোস্টের সঙ্গে আরঘচি হরমুজ প্রণালির একটি ছবিও প্রকাশ করেন। ছবিতে বড় অক্ষরে লেখা ছিল— “চিরন্তন পারস্য উপসাগর” (The Eternal Persian Gulf), যা অনেকের মতে আঞ্চলিক ভূরাজনীতি ও সার্বভৌমত্বের প্রশ্নে একটি প্রতীকী বার্তা বহন করে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।