সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ, তৃণমূলে উৎসবের আমেজ।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : আগামী ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে। একই সঙ্গে শিগগিরই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
গঠনতন্ত্র অনুযায়ী উপজেলার ১৫টি ইউনিয়ন কমিটি থেকে ৭১ জন করে মোট ১ হাজার ৬৫ জন কাউন্সিলর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৪১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। সব মিলিয়ে মোট ১ হাজার ১০৬ জন ভোটার তাদের ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, এই কাউন্সিলের মাধ্যমে দাউদকান্দি উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিএনপির স্থানীয় নেতারা বলেন, দলের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক এই কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব আগামী দিনে দলকে আরও গতিশীল ও জনমুখী কর্মসূচির দিকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।