রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদের কর্মকাণ্ডে। স্থানীয়দের অভিযোগ, কারামুক্তির পরপরই তিনি আবারও এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জাহিদের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংবাদ সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাদের মারধর করা হয় এবং পেশাগত কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জাহিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে তিনি বারবার বেপরোয়া হয়ে উঠছেন। ফলে সাধারণ মানুষ ও পেশাজীবীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার গণমাধ্যমকর্মীরা; দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর