নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৪ মে : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে তথ্য কর্মকর্তাদের সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (২৪ মে) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে তারা এ আহ্বান জানান।
তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে এআইয়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি) শনাক্ত ও ফ্যাক্ট-চেকিং কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, জনগণের কাছে সরকারের ইতিবাচক কর্মকাণ্ড ও সঠিক তথ্য তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব। তথ্যপ্রবাহের বর্তমান বাস্তবতায় ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, “যৌথভাবে কাজ করলে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তথ্যের জগৎ এখন আর নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নেই, তাই পরিবর্তিত বাস্তবতা বুঝে কাজ করতে হবে।”
অন্যদিকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিজিটাল যুগে জনসংযোগ কার্যক্রম পরিচালনায় অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অপরিহার্য। তিনি জনসংযোগ কর্মকর্তাদের ‘পাবলিক সাইকোগ্রাফি’ বা জনমানসের আচরণ ও মনস্তত্ত্ব সম্পর্কেও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল যোগাযোগ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর জনসংযোগ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।