রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি অনুদানে নির্মিত একটি চলাচলের রাস্তা দখল করে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসা এক বৃদ্ধের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার কুমলাই পবনতলা গ্রামের বাসিন্দা বৃদ্ধ খান আয়ুব আলীর যাতায়াতের একমাত্র সরকারি অনুদানের রাস্তা একই গ্রামের খান আ. হান্নান জমির মালিকানা দাবি করে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। ফলে ভুক্তভোগী পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ভূমি দখল, রাস্তা অবরোধ ও সাধারণ মানুষের চলাচলের অধিকার খর্ব করার মতো ঘটনা স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছে। জনগণের স্বার্থ রক্ষায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এমন অপচেষ্টা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে ভুক্তভোগী খান আয়ুব আলী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীও সরকারি সম্পত্তি ও জনসাধারণের চলাচলের পথ অবমুক্ত রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।