বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান। পরে ওয়াসিমের পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম। তিনি কলেজ ছাত্রদলের একজন সক্রিয় সদস্য ছিলেন।
ওয়াসিমের বাবা শফিউল আলম। পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার মৃত্যুর ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।