নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় বহুল প্রতীক্ষিত পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বেলা ১১টায় চকরিয়ার পিএমখালী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় একদিনের রাষ্ট্রীয় সফরে বিশেষ বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিনী ডা. জোবায়দা রহমানও ছিলেন। বিমানবন্দরে তাঁদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে সরাসরি চকরিয়ার পিএমখালীতে গিয়ে প্রধানমন্ত্রী পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল খালটি পুনঃখননের। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সরকার অবকাঠামো ও পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে।
এদিকে সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে সরকারের ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।