নরসিংদীতে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য; চীনের সহযোগিতায় ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতালের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী, ১৩ জুন: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে কোনো ধরনের প্রভাব বা তদবির কাজ করেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কোনো লাভ হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমার পূর্ণ সমর্থন থাকবে। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।”
তিনি আরও বলেন, “আজ জামায়াতের নেতারা আদ্-দ্বীনের পক্ষে কথা বলছেন। একটি শাস্তিমূলক ব্যবস্থা থেকে সবার শিক্ষা হবে।”
স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নতুন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, পাইলটিং স্কিমের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। রোগীর অবস্থা বিবেচনায় প্রয়োজন হলে তাকে হাসপাতালে নেওয়া হবে। এর মাধ্যমে সারা দেশে চিকিৎসা ব্যবস্থা আরও সহজ ও জনবান্ধব করা হবে।
সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো দুর্নীতিমুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করা।”
অনুষ্ঠানে তিনি আরও ঘোষণা দেন যে, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শিশু ও নারীদের চিকিৎসাসেবার জন্য বিশেষ সুবিধা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এছাড়া মন্ত্রী গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচিতে অংশ নেন।