নারায়ণগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টার পর থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। যানজট মেঘনা টোল প্লাজা অতিক্রম করে মদনপুর পর্যন্ত বিস্তৃত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি গাড়ি বিকল হয়ে পড়লে যান চলাচল ব্যাহত হতে শুরু করে। বিকল যানটি দ্রুত সরানো সম্ভব না হওয়ায় ধীরে ধীরে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর প্রভাব পড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশেও, যেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজটে আটকে পড়া চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের যাত্রী সাবিকুননাহার জানান, তিনি ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চৈত্র স্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন, কিন্তু গাড়ি প্রায় নড়ছেই না। যানজটের কারণ সম্পর্কেও তিনি নিশ্চিত নন।
অন্যদিকে চাঁদপুর থেকে ঢাকাগামী পরিবহন চালক ওসমান বলেন, দীর্ঘ যানজট দেখে প্রথমে দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন। পরে জানতে পারেন একটি বিকল গাড়ির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপও যানজট বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দাউদকান্দি এলাকায় বিকল হওয়া গাড়িটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই মহাসড়কের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যানজট কমতে শুরু করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।