সাইফুল ইসলাম তুহিন,স্টাফ রিপোর্টার : গ্রামীণ হতদরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে গাইবান্ধা জেলায় ৭৫ জন নারী সদস্যার মাঝে বিনামূল্যে ১ হাজার ৫০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
গত ১১ জুন ২০২৬ তারিখে গাইবান্ধা-২ অঞ্চলের আওতাধীন গোবিন্দগঞ্জ ও কোচাশহর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রতিটি সদস্যাকে ২০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থান এবং টেকসই জীবিকায়নের সুযোগ সম্প্রসারণে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুস সামাদ। তিনি বলেন, “গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র পরিসরে মুরগি পালন নারীদের জন্য আয়ের একটি সহজ ও কার্যকর মাধ্যম। যথাযথ পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে ভালো অর্থনৈতিক সুবিধা অর্জন করা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, “দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।”
এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক (দাবি) মো. রেজাউল করিম, এসএস লিড জেনারেশন মো. সিরাজুল ইসলাম এবং এক্সটেনশন অফিসার মো. রাসেল মিয়া। তারা উপকারভোগীদের মুরগি পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপকারভোগী নারীরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মুরগি পালন থেকে অর্জিত আয় তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, বিতরণকৃত মুরগির বাচ্চাগুলো সঠিকভাবে পালন করতে পারলে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি আত্মনির্ভরশীল জীবনের পথে আরও একধাপ এগিয়ে যাবেন।