ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব
নিজস্ব প্রতিবেদক : আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা নিয়ে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের ঈদগাহ ও মসজিদগুলোতে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে।
ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানিতে অংশ নিচ্ছেন। কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তু ত্যাগের মহান আদর্শই নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে ঈদুল আজহা।
ইসলামি ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। তাঁর সেই অসীম আনুগত্য ও ত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই মুসলিম উম্মাহর জন্য কোরবানির বিধান চালু হয়।
এদিকে, জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদের জামাত। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঈদকে ঘিরে রাজধানীসহ সারাদেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। পাশাপাশি হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনগুলোতে বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থাও করা হয়েছে।
এবার ঈদকে ঘিরে দেশজুড়ে চলছে টানা ছুটির আমেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২৫ মে শুরু হওয়া ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত।